নগরের বায়োজিদ বোস্তামী থানার পাহাড়ি আবাসিক এলাকা থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। তার নাম মো. ইলিয়াস হোসেন অপু। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত অপু পাঁচলাইশ হাদু মাঝিপাড়ার মৃত ইউনুসের ছেলে।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর ২টা ১০ মিনিটে ভিকটিম মো. নুরুল কবির (৪১) তার মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হন। এ সময় আসামি সোহেলসহ এজাহারনামীয় অন্য আসামিরা অতর্কিতভাবে নুরুল কবিরের ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আহত নুরুল কবির পরদিন ৭ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় অপুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে এসআরবি–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুর বিরুদ্ধে পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই এবং চুরি সংক্রান্তে ৫টি মামলা রয়েছে।












