ইতালি পাঠানোর কথা বলে ২২ লাখ টাকা নিয়ে মালয়েশিয়া পাচার

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

নরসিংদীর এক যুবককে ইতালি পাঠানোর কথা বলে জাল ভিসায় মালয়েশিয়ায় পাচার এবং প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মানব পাচারকারী চক্রের সদস্য বলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন–পিবিআই। গতকাল মঙ্গলবার রাতে পিবিআই নরসিংদী জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন। গ্রেপ্তাররা হলেন– গাজীপুর সদর উপজেলার তিতারকুল এলাকার সুবোধ চন্দ্র দাস (৩১) এবং নরসিংদী সদর উপজেলার শিমুল চন্দ্র দাস (৩৭)। তাদের মধ্যে সুবোধ চন্দ্র এই চক্রের মূল হোতা এবং শিমুল সহযোগী বলে দাবি পিবিআইয়ের। খবর বিডিনিউজের।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, নরসিংদী সদরের বাসিন্দা আব্দুর রউফকে ২১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ইতালি পাঠানোর কথা বলে চক্রটির সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর নন–জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৪ জুন রউফকে ইতালি না পাঠিয়ে জাল কাগজপত্র ও ভুয়া ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয়। তবে মালয়েশিয়া বিমানবন্দরের ইমিগ্রেশনে ভিসা জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পরবর্তীতে রউফ চক্রটির কাছে বিষয়টি জানালে তারা ভুল স্বীকার এবং পুনরায় ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে আরও টাকা দাবি করেন। ইতালি যাওয়ার আশায় দফায় দফায় তাদের হাতে মোট ২১ লাখ ৯৮ হাজার টাকা তুলে দেন রউফ। শেষ পর্যন্ত ইতালি পাঠাতে ব্যর্থ হয়ে চক্রটি টাকা ফেরত দিতে অস্বীকার এবং তাকে ভয়ভীতি দেখায়। পরে এ ঘটনায় রউফ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে ছয়জনের নামে একটি মামলা করেন। সোমবার মামলাটি তদন্তভার গ্রহণ করেন পিবিআইয়ের এসআই মো. ইয়াসিন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাত, আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের গভীর উদ্বেগ