চট্টগ্রামে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ৯:০৭ অপরাহ্ণ

উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং এবং ব্যবসা পরিচালনার বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম হাই-টেক পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০ এস এম ই উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, বিক্রয়, বিপণন, ব্যবসার প্রবৃদ্ধি এবং উদ্যোক্তাদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক পরিচিতি, সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই।

ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তা পুরো সেশনটি পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা খোলামেলাভাবে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

ওমর শরীফ ইবনে হাই বলেন, “উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের সমস্যার মুখোমুখি হন, কিন্তু সেগুলো নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ খুবই সীমিত। আজকের আয়োজন দেখিয়েছে, অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর নেটওয়ার্কিং উদ্যোক্তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করতে আমাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে নেক্সট লিডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এ. আহাদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সালেমিন হোসেন এবং প্রধান পারফরম্যান্স মার্কেটিং কর্মকর্তা (সিপিএমও) তন্ময় দত্ত অনলাইন ব্যবসার গ্রোথ হ্যাকিং, ব্র্যান্ডিং এবং পারফরম্যান্স মার্কেটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআর ম্যানেজমেন্ট), ফাউন্ডার্স ব্র্যান্ডিংসহ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মতামত প্রদান ও অভিজ্ঞতা শেয়ার করেন।

নেক্সট লিডার্স জানায়, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।

ফটো ক্যাপশন : চট্টগ্রাম হাই-টেক পার্কে নেক্সট লিডার্স আয়োজিত ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

পূর্ববর্তী নিবন্ধ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যার্তদের পাশে আছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী