বিয়ে প্রতিটি মানুষের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা–একটি নবযাত্রা, এক অনন্য পথচলা। তবে এই আনন্দময় সূচনার আড়ালে লুকিয়ে থাকে গভীর আবেগ, বিচ্ছেদের বেদনা এবং স্মৃতিমাখা শৈশবের প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার কষ্ট। জন্ম থেকে বেড়ে ওঠা আপন ঘর, স্নেহময় পিতা–মাতা, আত্মীয়–স্বজনের সান্নিধ্য–সবকিছু থেকে বিদায় নেওয়ার সেই মুহূর্তটি হয়ে ওঠে অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়বিদারক ও আবেগঘন। চট্টগ্রামের বিয়ে ঐতিহ্য, জাঁকজমক ও আতিথেয়তার জন্য সুপরিচিত। ভারী নকশার শাড়ি, জমকালো সাজসজ্জা, অতিথিতে পরিপূর্ণ অনুষ্ঠানস্থল–সব মিলিয়ে এক বর্ণাঢ্য আয়োজন। তবে এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে প্রায়ই চাপা পড়ে যায় কনের অন্তরের আবেগ। শৈশবের ঘর, বাবা–মায়ের স্নেহময় আশ্রয় ছেড়ে যাওয়ার মুহূর্তটি গভীরভাবে বেদনাদায়ক হলেও, আধুনিক সময়ে সেই আবেগ অনেক ক্ষেত্রে ক্যামেরা আর আয়োজনের ভিড়ে হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশে প্রচলিত প্রধান চারটি ধর্ম হলো ইসলাম, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম ও খ্রিস্টধর্ম। এই ধর্মগুলোর বিবাহবিধি ও আনুষ্ঠানিক নিয়মাবলি ভিন্ন ভিন্ন হলেও, বিয়ের উৎসব বা সামাজিক আয়োজনের ধরনে প্রায়ই উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ধর্মীয় আচার–অনুষ্ঠানের ক্ষেত্রে পার্থক্য থাকলেও, সাংস্কৃতিক প্রভাবের কারণে বিয়ের আনন্দঘন পরিবেশ, সাজসজ্জা এবং সামাজিক অংশগ্রহণে এক ধরনের মিল পরিলক্ষিত হয়।
সময়ের সাথে সাথে বিয়ের ধরনেও এসেছে পরিবর্তন। শাড়ির পরিবর্তে গাউন, আত্মীয়–স্বজনের পরিবর্তে পেশাদার ইভেন্ট প্ল্যানার–যারা সাজসজ্জা, সময়সূচি এবং কারিগরি বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। বর্তমান সময়ে বিয়ে যেন এক পরিকল্পিত প্রদর্শনীতে পরিণত হয়েছে, যেখানে অনুভূতির চেয়ে উপস্থাপনাই বড় হয়ে উঠছে।
চট্টগ্রামের বিয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো খাবারের আয়োজন। সালাদ, পোলাও বা কাচ্চি বিরিয়ানি, গলদা চিংড়ি, খাসির কোরমা, মুরগির রোস্ট, রূপচাঁদা ভাজা,রুই কালিয়া, জর্দা, বোরহানি বা দই, কোমলপানীয়, সব মিলিয়ে এক রাজকীয় আপ্যায়ন। খাবারের পরে কফি, মিষ্টি পান, এবং সামর্থ্য অনুযায়ী নরমাল সালাদের পরিবর্তে শ্রিম্প ক্যাশোনাট সালাদ, রঙিন মকটেল পরিবেশন করেন। অনেকেই একে “ফুডানি” বলে অভিহিত করলেও, এটি মূলত অতিথিপরায়ণতারই বহিঃপ্রকাশ।
কিন্তু এই আড়ম্বরপূর্ণ আয়োজনে সবচেয়ে বড় চাপটি পড়ে মেয়ের বাবার ওপর। বর–কনের শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং পারিবারিক মর্যাদার ওপর ভিত্তি করে বাড়তে থাকে প্রত্যাশা। সরাসরি কিংবা পরোক্ষভাবে স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী–এসব দাবি সমাজে এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে।
ধর্মীয় দৃষ্টিতে বিয়ে (নিকাহ্) একটি পবিত্র বন্ধন–দুটি আত্মার বৈধ মিলন। এই বন্ধনের মূল ভিত্তি পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের আন্তরিক প্রচেষ্টা। কিন্তু বাস্তব সমাজে এই পবিত্র সম্পর্কটি অনেক সময় আড়ম্বর, সামাজিক প্রতিযোগিতা এবং বিশেষ করে যৌতুকের চাপের কারণে তার সরলতা হারিয়ে ফেলে।
বাংলাদেশের বাস্তবতায় যৌতুক একটি গুরুতর সামাজিক সমস্যা। বিভিন্ন গবেষণা ও সংবাদ প্রতিবেদন অনুযায়ী, যৌতুকের কারণে প্রতিবছর অসংখ্য নারী নির্যাতনের শিকার হয় এবং অনেক ক্ষেত্রে সহিংসতা সহ বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে। শুধু তাই নয়, বহু মেয়ের বাবা অর্থনৈতিক অক্ষমতার কারণে সময় মতো কন্যার বিয়ে দিতে পারেন না। ফলে অনেক নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিবাহ থেকে বঞ্চিত হন–যা এক ধরনের সামাজিক বঞ্চনা ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
অনেক ক্ষেত্রে মেয়ের বাবা “কন্যাদান” করার সামাজিক ও ধর্মীয় দায়িত্ব থেকে মুক্ত হতে পারেন না, কারণ যৌতুকের চাহিদা পূরণ করতে না পারলে বিয়ের প্রস্তাব ভেঙে যায়। ফলে ঋণগ্রস্ত হওয়া, সম্পদ বিক্রি করা, এমনকি জীবনের সঞ্চয় নিঃশেষ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে। এতে একটি পরিবারের অর্থনৈতিক স্থিতি দীর্ঘ মেয়াদে বিপর্যস্ত হয়ে পড়ে।
মুসলিম বিয়েতে মুল অনুষ্ঠান হয় তিনটি–চারটি, গায়ে হলুদ, দেন মোহর ও চুত্তি, নিকাহ বা আকদ্, এবং বৌভাত। গায়ে হলুদে ইদানিং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।
হিন্দুদের বিয়েতে কম করে হলেও সাতটি অনুষ্ঠান করতে হয়। আশির্বাদ অনুষ্ঠান, বস্ত্রালঙ্কার/স্বর্ণালঙ্কার, নতুন করে (মেহেদী অনুষ্ঠান), বিয়ে, বৌভাত, জামাই–ভাত, বেয়াই–ভাত। স্ট্যাটাস বৃদ্ধিতে কেক কাটা বর্তমানে এটি বিবাহ উদযাপনের একটি অবিচ্ছেদ্য আধুনিক অংশ হয়ে দাঁড়িয়েছে।
বৌদ্ধদের বিয়ের আচার অনুষ্ঠান বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি ও বাঙালি সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ। এটি সাধারণত কয়েকদিন ধরে চলে, যার মধ্যে শুভদৃষ্টি, মালাবদল, বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা মন্ত্রপাঠ ও আশীর্বাদ প্রধান। বিয়ের আগের দিন গায়ে হলুদ এবং বিয়ের পর ‘বৌ–ভাত’ বা ‘ঘরে তোলা’ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত থেকে নবদম্পতিকে ‘পঞ্চশীল’ গ্রহণ করান এবং বিশেষ ‘মঙ্গলাচরণ’ (সূত্রপাঠ) এর মাধ্যমে আশীর্বাদ করেন। বৌদ্ধদের বিয়েতে বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষুদের আশীর্বাদ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের অনুষ্ঠান সাধারণত আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে হয়।
খ্রিস্টান ধর্মে বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়–এটি এক গভীর আধ্যাত্মিক অঙ্গীকার, যা দুইটি আত্মাকে ঈশ্বরের আশীর্বাদে চিরদিনের জন্য একত্রিত করে। এই পবিত্র বন্ধনকে খ্রিস্টানরা মনে করেন এক অবিচ্ছেদ্য চুক্তি, যেখানে ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা আজীবন ধরে লালিত হয়।
বিয়ের অনুষ্ঠান সাধারণত গির্জায় অনুষ্ঠিত হয়, যেখানে যাজকের উপস্থিতিতে বর ও কনে ঈশ্বরের সামনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ এবং আশীর্বাদের মধ্য দিয়ে এই অনুষ্ঠান হয়ে ওঠে এক অপূর্ব, আবেগঘন মুহূর্ত–যেখানে পরিবার ও স্বজনরা সাক্ষী থাকেন নতুন জীবনের সূচনার।
বাংলাদেশে খ্রিস্টান বিয়ের আইনগত দিকও সুসংগঠিত। ১৮৭২ সালের খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, বিয়ের জন্য বর–কনের সাবালক হওয়া আবশ্যক এবং বিয়েটি অবশ্যই অনুমোদিত যাজক বা ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধিত হতে হয়। এর মাধ্যমে ধর্মীয় পবিত্রতার পাশাপাশি আইনগত বৈধতাও নিশ্চিত করা হয়।
বিয়ের আগে থাকে বাগদান বা এনগেজমেন্ট অনুষ্ঠান, যেখানে আংটি বদলের মাধ্যমে দুইজন তাদের প্রতিশ্রুতির সূচনা করেন। এই ছোট্ট অথচ অর্থবহ মুহূর্তটি ভবিষ্যৎ জীবনের স্বপ্নকে আরও রঙিন করে তোলে।
বিয়ের পোশাকেও থাকে এক বিশেষ সৌন্দর্য ও ঐতিহ্য। সাধারণত কনে সাদা গাউন পরেন, যা পবিত্রতা ও নতুন জীবনের প্রতীক, আর বর থাকেন পরিপাটি স্যুটে। তবে বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলে স্থানীয় সংস্কৃতির প্রভাবেও পোশাকে দেখা যায় বৈচিত্র্য–কখনো শাড়ি, কখনো ঐতিহ্যবাহী পোশাকের সংমিশ্রণ, যা অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণিল ও আপন।
সব মিলিয়ে, খ্রিস্টান বিয়ে হলো ভালোবাসা, বিশ্বাস ও প্রতিশ্রুতির এক অপূর্ব সমন্বয়–যেখানে দুইটি হৃদয় শুধু এক হয় না, বরং ঈশ্বরের আশীর্বাদে শুরু করে এক নতুন, অনন্ত পথচলা।
বিয়ের পরের অনুষ্ঠান–অতিথিদের আপ্যায়ন, কেক কাটা, নাচ, গান ও আনন্দ আয়োজন, এবং নবদম্পতির শুভেচ্ছা গ্রহণ।
সব ছেলের পরিবারের পক্ষ থেকে প্রায়ই বলা হয়-“আমাদের কোনো দাবি নেই, তবে আপনারা মেয়েকে যেভাবে খুশি সাজিয়ে দেবেন”–এই কথার মধ্যেই লুকিয়ে থাকে সামাজিক চাপের সূক্ষ্ম রূপ। বাজারের উচ্চমূল্যে এবং আড়ম্বরপূর্ণ আয়োজনের প্রত্যাশা একজন বাবার জন্য মানসিক ও আর্থিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় এই চাপ এমন পর্যায়ে পৌঁছে যে, মেয়ের বাবা হওয়াটাই যেন এক কঠিন দায়িত্বে পরিণত হয়।
চট্টগ্রামের বিয়ে শুধু একদিনের অনুষ্ঠান নয়; এটি দীর্ঘমেয়াদী লেনদেনের সূচনা। রমজানে ইফতার পাঠানো, কোরবানির ঈদে পশু উপহার, পূজা উপলক্ষে মেয়ের বাড়িতে সবার জন্য নতুন কাপড়, মিষ্টি, মৌসুমি ফল বা পিঠা–পুলি পাঠানো–এসব প্রথা সম্পর্ককে আরও দৃঢ় করে। তবে এসব রীতিও অনেক সময় আর্থিক চাপও বাড়িয়ে তোলে।
সবশেষে বলা যায়, চট্টগ্রামের বিয়ে একদিকে যেমন ঐতিহ্য, সৌন্দর্য ও আতিথেয়তার প্রতীক, অন্যদিকে তেমনি যৌতুক ও সামাজিক প্রত্যাশার বোঝাও বহন করে। তাই সময় এসেছে এই সংস্কৃতিকে নতুনভাবে ভাবার–যেখানে বিয়ে হবে সহজ, সাশ্রয়ী এবং ধর্মীয় মূল্যবোধসম্মত; যেখানে একজন মেয়ের বাবাকে আর্থিক চাপের বোঝা বহন করতে হবে না, বরং সম্মানের সঙ্গে কন্যাকে বিদায় দিতে পারবেন।













