চকরিয়ায় নোয়া গাড়ির ধাক্কায় টমটম চালক নিহত

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রাইভেট একটি নোয়া গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ইজিবাইক (টমটম) চালক। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম মোহাম্মদ লুসান (২০)। তিনি চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৌলভীর চর গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী নোয়া গাড়ি (চট্টমেট্রো–চ–১১–৪১৩৮) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইজিবাইক চালক। খবর পেয়ে দ্রুত অকুস্থলে গিয়ে ইজিবাইক চালককে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, একই সময় দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিলে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধলোকালয়ে হানা দিচ্ছে হাতি