টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। গতকাল বুধবার চকবাজার এলাকার বিভিন্ন কলোনি ও আশপাশের পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে রান্না করা খাবার বিতরণ করেন তিনি। এ সময় শিশু, নারী, প্রবীণসহ অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। অনেক পরিবার ঘরে পানি ঢুকে পড়ায় রান্না করতে না পারায় তাদের জন্য এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি।
এমদাদুল হক বাদশা বলেন, টানা বর্ষণে চট্টগ্রামে গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বর্ষণের পাশাপাশি কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি ও জোয়ারের প্রভাবে চট্টগ্রাম নগর, কঙবাজার, বাঁশখালীসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় রান্না করারও সুযোগ নেই। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে অংশ নেন। তখন উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম,যুবদল নেতা মোহাম্মদ জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












