ঘুষের অডিওর সত্যতা মিলেছে, প্রসিকিউটরের পদত্যাগের পরও তদন্ত চলবে : প্রধান কৌঁসুলি

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ দাবির অভিযোগের তদন্ত করে অডিও রেকর্ডের ‘সত্যতা পেয়েছে’ ফ্যাক্টফাইন্ডিং কমিটি। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর সাইমুম রেজা স্বেচ্ছায় পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে বলে প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

সমপ্রতি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও আইসিটি ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার আসামি ফজলুল করিম চৌধুরীর স্ত্রীর সঙ্গে প্রসিকিউটর সাইমুম রেজার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ঘুষ লেনদেনের বিষয়ে আলোচনা শোনা যায়। এ বিষয়ে মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হওয়ার পর আমরা একটি ফ্যাক্টফাইন্ডিং কমিটি গঠন করি। কমিটি কাজ করছে এবং ইতোমধ্যে আমরা ওই অডিও রেকর্ডটির সত্যতা পেয়েছি। সেখানে দুজনেরই (সাবেক এমপির স্ত্রী ও প্রসিকিউটর সাইমুম রেজা) কথোপকথন রয়েছে। খবর বিডিনিউজের।

তবে বাস্তবে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে ফ্যাক্টফাইন্ডিং কমিটি নিশ্চিত হতে পারেনি বলে জানান তিনি প্রধান কৌঁসুলি বলেন, কথোপকথনের সত্যতা আমরা পাচ্ছি। কিন্তু এর বাইরে তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কি না, ফ্যাক্টফাইন্ডিং কমিটি সেটি তদন্ত করে দেখছে। অডিও ফাঁসের পর প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমরা যখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলাম, তখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করা সত্ত্বেও আমাদের তদন্ত অব্যাহত আছে। আশা করছি খুব শিগগিরই রিপোর্টে সবকিছু বিস্তারিত প্রকাশ পাবে।

তদন্তে দোষ প্রমাণিত হলে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, ফ্যাক্টফাইন্ডিং রিপোর্ট দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমরা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব এবং সেই অনুযায়ী আইনগতভাবে যা হওয়ার তাই হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে জানান প্রধান কৌঁসুলি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
পরবর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ