গ্রেপ্তার একমাত্র আসামি রিমনের বিরুদ্ধে ১২ দিনে চার্জশিট

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

আনোয়ারার চেনামতি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মামেয়ে হত্যা মামলার একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়ার বিরুদ্ধে ঘটনার ১২ দিনের মাথায় চার্জশিট দাখিল করেছে তদন্ত কর্মকর্তা। গতকাল চট্টগ্রাম আদালতে থাকা জেলা পুলিশের প্রসিকিউশন শাখায় এ চার্জশিট দাখিল করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে।

গত ১৩ জুন রাতে আনোয়ারা উপজেলার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এনি বড়ুয়া নামের এক গৃহবধূ ও তার মেয়ে প্রিয়ন্তী খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অর্ক বড়ুয়া নামের অপর একজন গুরুতর আহত হয়। ৯৯৯এর মাধ্যমে এ সংবাদ পাওয়ার পরপরই আনোয়ারা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনার একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়াকে পটিয়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এছাড়া নিহত এনি বড়ুয়ার মৃত্যুকালীন জবানবন্দি সম্বলিত গুরুত্বপূর্ণ ভিডিও তদন্তে অন্তর্ভুক্ত করা হয় বলে জেলা পুলিশ থেকে জানানো হয়।

জেলা পুলিশ জানায়, তদন্তকালে ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। ঘটনার দায় স্বীকার করে আসামি রিমন বড়ুয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বপরি, পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, আলামত, সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ সকল তথ্যউপাত্ত বিশ্লেষণ করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসামনে মেসি-রোনালদো দ্বৈরথ?
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার