ঘোষণার পর একাধিকবার পিছিয়েছে ‘গোলাপ’ সিনেমার শুটিং। নানা অনিশ্চয়তা কাটিয়ে ফের আশার আলো দেখছেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক নিরব। ফলে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনা চলছে সিনেমা নিয়ে। নিরবের সঙ্গে তোলা একটি ছবি পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সিনেমাসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘গোলাপ’ নিয়ে দু’জনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। নিরব বলেন, বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ কাজ পিছিয়েছে। আমরা চাই, খুব শিগগির শুটিংয়ে যেতে। বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। পরীমনির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এ চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যকার অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে পরীমনি ও নিরবকে। এদিকে, ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির ভিড়ে পিছিয়েছে দুই তারকার পৃথক দুটি চলচ্চিত্র।
পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। খুব শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।












