গবেষণা, প্রকাশনা ও আন্তর্জাতিকীকরণে গুরুত্ব

বিশ্ব র‌্যাংকিং অর্জন উদ্‌যাপনে আইআইইউসি

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। এই অর্জন উদ্‌যাপনে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম।

প্রধান অতিথি বলেন, স্বল্প সময়ের মধ্যে এই অর্জন সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়। আমাদের এই অর্জন ধরে রাখার পাশাপাশি আগামী বছর আরও ভালো অবস্থানে যেতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। র‌্যাংকিংয়ে আরও ভালো করতে গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণায় উৎসাহ দিতে চলতি অর্থবছরে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের আওতায় গবেষণা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বপরিচিতি দেওয়ার ক্ষেত্রে আমাদের মেধা, ক্যারিয়ার ও গবেষণাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ইউরোপ–আমেরিকার সঙ্গে কানেক্টিভিটি আরও সমৃদ্ধ করতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে ২০৩০ সালকে লক্ষ্য ধরে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, সাবেক ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান এবং ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ও র‌্যাংকিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান ও আনোয়ার সিদ্দিক চৌধুরী। সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ।

উল্লেখ্য, এবারের টাইমস হায়ার এডুকেশন বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাব ও গহিরা আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যাডমিন্টন খেলোয়াড়দের জ্ঞাতার্থে