চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলা প্রশাসনের নিয়মিত গণশুনানিতে সহায়তা নিতে আসা প্রায় ৭০ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত। গতকাল নগরীর সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসময় সিভিল সার্জন জানান, ভেজাল ও চর্বিযুক্ত খাবার, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও ডায়াবেটিস এর অন্যতম কারণ। সিএমপির ডিসি (এস্টেট ও ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, পাবলিক টয়লেট সংকট ও মলমূত্র চেপে রাখার প্রবণতার কারণে নারীদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। সভায় খাদ্যে কীটনাশক ও ভেজাল রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন বলেন, প্লাস্টিকজাত পণ্য থেকে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলছে। জেলা প্রশাসক পেট্রোল পাম্প ও রেস্টুরেন্টের টয়লেট পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভার নির্দেশনা দেন।
সভা শেষে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে কর্মকর্তারা মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে অভিনন্দন জানান। এ সময় তিনি দেশপ্রেম ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসাররা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













