খাগড়াছড়িতে ৪২০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও মেধার বিকাশে এ বৃত্তি প্রদান করা হয়।
সোমবার বিকেলে পৌর টাউন হলে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি। এ সময় তিনি খাগড়াছড়ির বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণে ‘শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গঠনের ঘোষণা দেন এবং কল্যাণ ট্রাস্টের জন্য এক লক্ষ টাকা অনুদান দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাফল্যের জন্য মেধার পাশাপাশি অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা জরুরি। শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। এ সহায়তা কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।












