মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাদিয়া নওরীন মোহনা (১৫)। উপজেলার খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক জয়নাল আবেদীনের মেজো মেয়ে সে। হঠাৎ করে তার জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা। বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ম্লান হয়ে পড়েছে সুন্দর ভবিষ্যৎ।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত জানুয়ারি মাসে নাদিয়ার শরীরে বোন ক্যান্সার ধরা পড়ে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক প্রফেসর সুযত পাল নাদিয়াকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। জমি বিক্রি করে মেয়েকে নিয়ে যান কৃষক বাবা। দিনে ৪-৫ হাজার টাকার ওষুধ লাগছিল সেখানে। ১৫ দিন পর খরচ চালাতে না পেরে বাড়ি ফিরে আসতে হয় তাকে।
মোহনার বাবা জয়নাল আবেদীন অন্যদের জমি বর্গা নিয়ে চাষ করেন। মীরসরাই পৌরবাজারে বিক্রি করেন সবজি। স্ত্রী, তিন মেয়ে আর এক ছেলের সংসারে সন্তানদের পড়ালেখার খরচ জোগাতেই হিমশিম খেতে হয় তার। এ অবস্থায় চোখের সামনে মৃত্যুপথযাত্রী মেয়েকে দেখতে হচ্ছে মা-বাবার।
চিকিৎসকরা জানিয়েছেন, দেশে বা ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করতে পারলে নাদিয়ার ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দরিদ্র পিতার নেই সেই আর্থিক সামর্থ্য। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
স্কুলছাত্রী নাদিয়ারকে সাহায্য পাঠাতে যোগাযোগ করতে হবে জয়নাল আবেদীনের ০১৬৪২৮৭৩২১৫ নম্বরে। বিকাশ করা যাবে ০১৮৮১৪৭৫৭১৪ নম্বরে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের হিসাব নং : ১০৯১০০৩৬৯১৯৬১-এ টাকা পাঠানো যাবে।











