দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে পদযাত্রা করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। গতকাল বিকেলে নগরীর বকসিরহাট এলাকা থেকে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস.এম নুরুল হকের নেতৃত্বে ব্যবসায়ীরা টেরিবাজার এবং খাতুনগঞ্জসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে পদযাত্রা করেন। পদযাত্রকালে ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের ‘লাল কার্ড’ এবং তৃণমূলের সাধারণ ব্যবসায়ীদের বঞ্চিত রেখে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনকারীদের ‘লাল কার্ড’ এবং অটো ডাইরেক্টর পুনর্বাসনের চেষ্টাকারীদের ‘লাল কার্ড’ সম্বলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন। পদযাত্রা কর্মসূচিতে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস.এম নুরুল হক বলেন, গত দেড় দশক ধরে চট্টগ্রামের ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ভোট দিতে পারেননি। তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। চেম্বার মাফিয়া চক্রের দখলে ছিল। যে কারণে ব্যবসায়ীদের কোন সমস্যাই এতদিন সমাধান হয়নি। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা মনে করেছিলাম এবার সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। যার লক্ষ্য নিয়ে চেম্বার প্রশাসক শুরু থেকে কাজ করেছেন। হাজারের অধিক ভুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আপিল আদালত দুই সপ্তাহের মধ্যে অভিযোগ নিস্পত্তি করার নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি উচ্চ আদালত প্রথম যে রায় দিয়েছিল তা বহাল থাকবে। কোন ভুয়া ভোটার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস. এম. কামাল উদ্দিন, আহমেদ–উল আলম চৌধুরী রাসেল, ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ. রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছাসহ অন্য ব্যবসায়ী নেতারা।













