যুবসমাজের ‘নৈতিক অবক্ষয় রোধ’ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতের কারণ দেখিয়ে কেবল প্রেম ও রোমান্স নির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সমপ্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন ‘জনস্বার্থে’ এ রিট আবেদন করেন। খবর বিডিনিউজের।
এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্ট দেখা যাচ্ছে, যার অবাধ সমপ্রচার সমাজে ‘মারাত্মক নেতিবাচক প্রভাব’ ফেলছে। মূলধারার এসব মাধ্যমে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার এবং ধর্ষণের মতো বিষয়গুলোকে ‘স্বাভাবিক’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাতে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।











