নগরীর খুলশীতে কিশোর গ্যাংয়ের সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বের জেরেই ছুরিকাঘাতে সবজি বিক্রেতা হৃদয় (১৬) খুনের শিকার হয়েছেন। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কামরুল, আসিফ, জীবন, জিহাদ, নয়ন, তামিম, রবিউল হাসান ও রবিউল ইসলাম। গত মঙ্গলবার হত্যার ঘটনার পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত খুলশী থানাধীন ওয়ারলেসসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ ও জীবন অটোরিকশা থেকে নামিয়ে হৃদয়কে ছুরিকাঘাত করেন। আসিফ কানে ও জীবন পেটে আঘাত করেন। বাকীরা সহযোগী।
খুলশী থানার ওসি আবদুর রহিম আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বের জেরেই কিশোর হৃদয় খুনের শিকার হয়েছেন। সিনিয়র–জুনিয়রের মধ্যে চলমান দ্বন্দ্ব মেঠাতে হৃদয়কে এক ‘বড় ভাই’য়ের কাছে ডেকে নেওয়া হয়েছিল। সেখান থেকে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু ঘটনায় জড়িতরা অটোরিকশাটি থামিয়ে হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই সাথে ঘটনায় জড়িত বাকীদেরও গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।
থানা পুলিশের সূত্র জানায়, এলাকায় ফাইভ স্টার ও সেভেন স্টার নামে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ রয়েছে। নিহত হৃদয় ফাইভ স্টার গ্রুপের সদস্য–প্রাথমিকভাবে এমনটা জানা গেছে। সেভেন স্টার গ্রুপের হামলাতেই হৃদয় খুন হয়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়ারলেস কলোনির চার নম্বর গলির রাস্তায় হৃদয়কে ছুরিকাঘাতে খুনের ঘটনাটি ঘটে। হৃদয় ওই এলাকারই বাসিন্দা। দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করতেন তিনি।











