নগরীর আকবর শাহ থানাধীন একটি আবাসিক হোটেল থেকে ২৭ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জান্নাতুল নাঈম। গতকাল সন্ধ্যায় এ কে খান মোড়ের হোটেল সিটি প্যালেসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি সৈয়দ ওমর আজাদীকে বলেন, গলাস ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী। যে কক্ষটি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি, সেটি ভেতর থেকে লক করা ছিল। দরজা ভেঙেই আমরা তার লাশ উদ্ধার করেছি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়।
জেলার বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকায় জান্নাতুল নাঈমের বাড়ি জানিয়ে ওসি বলেন, স্বামীসহ তিনি আকবর শাহ থানাধীন কালিহাটের একটি বাসায় বসবাস করতেন। স্বামী–স্ত্রী দুজনে প্রায় সময় ঝগড়াঝাটিতে লিপ্ত থাকতেন। এ কারণে তাদেরকে বাসা ছেড়ে দিতে বলেছিলেন বাড়িওয়ালা। এক সময় তারা বাসাটি ছেড়ে দেন। ওই বাসায় প্রায় ৬ মাস ছিলেন তারা। নতুন বাসা না পেয়ে আপাতত তারা হোটেল সিটি প্যালেসে থাকছিলেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে তারা হোটেলটিতে থাকছিলেন। ঘটনার সময় স্বামী ব্যবসার কাজে বাইরে ছিলেন বলেও জানান ওসি। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে–পারিবারিক কলহের জেরেই জান্নাতুল নাঈম গলায় ফাঁস দিয়েছেন, বলেন ওসি সৈয়দ ওমর।










