কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, কুইজ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ব্যবহারিক জ্ঞান বিকাশের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।

প্রদর্শনীতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও মডেল উপস্থাপন করে। মোট ২০টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়। এসব প্রকল্পের মাধ্যমে দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধান, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, পানি, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যপ্রণালি ও ব্যবহারিক গুরুত্ব দর্শনার্থীদের কাছে তুলে ধরে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার এবং সিনিয়র শিক্ষক মো. অছিউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক এইচ এম মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা