‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রজেক্টের আওতায় চট্টগ্রামের রাউজানে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দেশব্যাপী একযোগে ২৬,৯১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে মাদরাসা ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সরকারি নির্দেশনা মোতাবেক কর্মসূচির শুরুতে মাদরাসা প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। রোপণকৃত প্রতিটি বৃক্ষের পাশে প্রজেক্টের নিয়ম অনুযায়ী নামফলক যুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ শেষে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক একটি বর্ণাঢ্য র্যালি এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন বাণী সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












