কর্ণফুলীতে যৌথ অভিযান: ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ৬:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরের এক বিশাল যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল (রবিবার) বিকাল ৫টার দিকে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার ‘সী হার্ট ফ্যাক্টরি’তে এই অভিযান চালানো হয়। অভিযানে ফ্যাক্টরি থেকে আনুমানিক ৩২ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু