নির্ধারিত সময়ের দুই দিন আগে অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শনিবার দুপুরে তার বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কঠোর লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হচ্ছে। মন্ত্রী ঢাকার বাইরে আছেন। তিনি আমাকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে বলেছেন। খবর বিডিনিউজের।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান বলেন, বইমেলা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় সরকার ১২ এপ্রিল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে লিখিতভাবে তিনি কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।
প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলা হয়ে এলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া বইমেলা বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা ছিল। এরই মধ্যে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বেশ কয়েকবার মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়।













