কঙবাজার শহরের আলীর জাঁহাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ছুরিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা ও দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকার ফায়সাল আক্তারের বাড়িতে কঙবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ফায়সাল আক্তার ও জাহিদ হাসান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফায়সাল আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের আলমারিতে তল্লাশি চালিয়ে দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র, ছুরি, ইয়াবা, সেবনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া নাম্বারবিহীন দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা চলছে।












