ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬–এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২–০ গোলে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং অদম্য লড়াকু মানসিকতা দেশের জন্য বয়ে আনে অনন্য গৌরব।
ইতিহাস গড়া সেই অনূর্ধ্ব–২০ নারী দলটি গতকাল রোববার বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে পা রাখতেই ইতিহাস গড়া মেয়েদের বরণ করে নেয় বাংলাদেশ হকি ফেডারেশন। সেই আনন্দঘন মুহূর্তেই চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় তাৎক্ষণিক আর্থিক পুরস্কার। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাড–হক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ইশতিয়াক সাদেক ব্যক্তিগত উদ্যোগে পুরো দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করেন।
পুরস্কার পাওয়াদের মধ্যে রয়েছেন চ্যাম্পিয়ন দলের ১৮ জন খেলোয়াড়, ১ জন কোচ এবং ২ জন ম্যানেজার। এছাড়া এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে যাওয়া বাংলাদেশি আম্পায়ারকেও ২৫ হাজার টাকা দিয়ে সম্মানিত করা হয়। সব মিলিয়ে ২৩ জনকে আর্থিক পুরস্কার ও একটি করে সুইট বক্স দেওয়া হয়।












