ফ্রান্সের মতো দলের জন্য ফাইনালে উঠতে না পারা মানেই বড় ব্যর্থতা। সেখানে তারা হেরে গেল শেষটাতেও। কোচের বিদায়টা রাঙাতে না পারায় আক্ষেপে পুড়ছেন এমবাপ্পে। এই ম্যাচ দিয়েই শেষ হলো ফ্রান্সের কোচের দায়িত্বে দেশ্যমের ১৪ বছরের পথচলা। ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০২২ আসরে রানার্স আপ হওয়া কোচের শেষটা জয় দিয়ে রাঙাতে না পারার আফসোস এমবাপ্পের কণ্ঠে। ‘এটা কোচের জন্য আরও বেশি হতাশাজনক। আমরা তার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমার্ধের খেলা দেখে মনে হয়েছে যে আমরা তাকে হতাশ করেছি। কোচ যা কিছু করেছেন, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। এই ম্যাচ অবশ্যই দিদিয়ের দেশ্যমের ঔজ্জ্বল্যকে ম্লান করবে না।’ এমবাপ্পের মতে, ‘যারা বলছেন, প্রথমার্ধে আমরা তামাশা করছিলাম, জার্সিটাকে সম্মান করিনি, তাদের ভাবনা আমি বুঝতে পারি। তবে আমি বরং বলব, ওই সময়টায় ফুটে উঠেছে, আমরা রক্ত–মাংসের মানুষ। দুর্ভাগ্যবশত, আমরা তখন আসলে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। ওরা আমাদের উচিত শিক্ষা দিয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা আবার শীর্ষ পর্যায়ের হয়ে উঠি, আবেগ–অনুভূতিগুলো পাশে সরিয়ে আবার মানসিক যন্ত্রে পরিণত হই।’ এই ম্যাচের আগেই অবশ্য সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় দেশ্যমের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এমবাপ্পে। ‘আজ আপনার অধ্যায়ের সমাপ্তি। আপনি আমাদের এত কিছু দিয়েছেন, আপনাকে একটি ভালো সমাপ্তি দেওয়া উচিত ছিল আমাদের, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ১৪ বছর ধরে আপনি যা বয়ে এসেছেন, ভাষায় প্রকাশ করা কঠিন। এই দলের পুনর্জাগরণে আপনি এত অসাধারণ কিছু করেছেন! লোকে সবসময় আপনার গ্রেটনেসকে মূল্যায়ন করতে পারেননি, তবে সময় এবং ইতিহাস সেটি তুলে ধরবে। আমাকে এত বছর ধরে আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং সম্মান জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের সবচেয়ে বড় কিংবদন্তিদের একজনের সঙ্গে এত বছর থাকতে পারা আমার জন্য বড় প্রাপ্তি এবং একসঙ্গে আমরা যা কিছু অনুভব ও অর্জন করেছি, সবকিছুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার নতুন যাত্রার জন্য রইল শুভকামনা এবং আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এই জার্সিটিতে আপনি যা কিছু অবদান রেখেছেন, সেজন্য আবারও ধন্যবাদ।’












