এসএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ৪

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

চলমান এসএসসি পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণার’ অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এসে এ তথ্য দেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

গ্রেপ্তার চারজন হলেন মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)। মুনশী শাহাবুদ্দীন বলেন, গত সোমবার পরীক্ষা শুরুর আগের দিন তারা ‘এসএসসি২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেইজ থেকে কিছু তথ্য সংগ্রহ করেন। এসব তথ্যের ভিত্তিতে সেদিন রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার জিরাবো এলাকার তাঁজপুর থেকে সিফাত আহমেদ সজিবকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বগুড়ার ধুনট থেকে সালমানকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দিনাজপুরের নবাবগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয় মেছবাউল আলম মাহিনকেও। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পরামানিক বাড়ি থেকে মো. মহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মুনশী শাহাবুদ্দীন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন যাচাই করে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি রমনা মডেল থানায় একটি মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে সাত দিনে ১৬ ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধপ্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব :শিক্ষামন্ত্রী