শাহ আমানতে সাত দিনে ১৬ ফ্লাইট বাতিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গতকাল শনিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট, ইউএসবাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার চারটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যুদ্ধবিরতির পর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরছে। একই সঙ্গে চট্টগ্রামদোহা রুটে ফ্লাইট চলাচলও শুরু হয়েছে এবং দ্রুত এ রুটে পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফিরবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এ পর্যন্ত মোট ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ ৭ দিনেই বাতিল হয়েছে ১৬টি ফ্লাইট।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন ও টিভিতে সরকারি বিজ্ঞাপন প্রচারের প্রস্তাব ভেবে দেখবে সরকার : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধএসএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ৪