এলপিজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সংকট

গাড়ির দীর্ঘ লাইন, দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:০২ পূর্বাহ্ণ

এলপি গ্যাসের হাহাকার থামছে না। রান্নাঘরের পাশাপাশি গাাড়ির এলপিজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও চরম হাহাকার দেখা দিয়েছে। শহর কিংবা মফস্বলের এলপিজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাস জুটছে না। গতকাল নগরীর খুলশী রিফুয়েলিং স্টেশনে রেশনিং করে প্রতিটি গাড়িকে মাত্র দেড় হাজার টাকা করে গ্যাস দিতে দেখা গেছে। তাও ঘণ্টা খানেকের মধ্যে সব গ্যাস শেষ হয়ে যায়। গত বেশ কিছুদিন ধরে চলে আসা গ্যাসের এই হাহাকার কোনভাবেই থামছে না বলেও সূত্রগুলো জানিয়েছে।

সিএনজি গ্যাসের সংকট এবং দীর্ঘ লাইনের ঝামেলা থেকে বাঁচতে বহু গাড়ির মালিক গাড়িতে এলপি কীট স্থাপন করে ব্যবহার করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এলপি গ্যাসের চরম হাহাকারের মুখে এসব গাড়ি মালিক চরম বেকায়দায় পড়েছেন। প্রয়োজনের সময় এলপিজি না পাওয়ায় অনেকেই পেট্রোল বা অকটেন দিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন। শহরে বেশ কয়েকটি এলপিজি রিফুয়েলিং স্টেশন থাকলেও অধিকাংশেরই গ্যাসের কোন যোগান নেই। খুলশী সিএনজি রিফুয়েলিং স্টেশনে এলপিজিও পাওয়া যায়। কিন্তু গত বেশ কিছুদিন ধরে এই স্টেশনেও এলপিজি পাওয়া যাচ্ছে না। দিনের মধ্যে মাত্র ঘণ্টা খানেক কোনরকমে রেশনিং করে এলপিজি সরবরাহ দেয়া হলেও বেশির ভাগ সময়ই গাড়ি ফেরত দেয়া হচ্ছে।

গতকাল সন্ধ্যায় এই স্টেশনে গিয়ে এলপিজি নেয়ার জন্য গাড়ির দীর্ঘ চাপ দেখা যায়। স্টেশনের কর্মীরা প্রতিটি গাড়িকে মাত্র দেড় হাজার টাকা করে গ্যাস দিচ্ছিলেন। ঘণ্টা খানেকের মধ্যে তাদের গ্যাস ফুরিয়ে যায়। দীর্ঘ অপেক্ষা করেও গ্যাস কিনতে না পারা একজন গাড়ি মালিক বলেন, এই পর্যন্ত তিনদিন গ্যাস কেনার চেষ্টা করেও নিতে পারেননি। স্টেশনগুলোতে গ্যাস নেই। এলপিজির ভয়াবহ আকালের মাঝে যানবাহন মালিকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও তিনি জানান।

খুলশী সিএনজি স্টেশনের একজন কর্মী জানান, মাত্র নয় হাজার মিটার গ্যাস দিয়ে গেছে। এগুলো দিয়ে যে কটি গাড়িকে দেয়া যায় আমরা দেবো। বাকি সময় গ্যাস দেয়ার আর কোন সুযোগ নেই। সরবরাহকারীরাও রেশনিং করে গ্যাস সরবরাহ দিচ্ছে বলেও ওই কর্মী জানান।

একটি এলপিজি রিফুয়েলিং স্টেশনের মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে পরিস্থিতি ভয়াবহ। আমরা টাকা দিয়েও গ্যাস সরবরাহ পাচ্ছি না। এই অবস্থায় আমাদের কিই বা করার আছে। ব্যবসাতো লাটে উঠেছে, উল্টো মানুষের গালি শুনছি বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধভুটানকে ১২ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু
পরবর্তী নিবন্ধপৌঁছে গেল ব্যালট ছাড়া সকল নির্বাচনী সামগ্রী