এপিক হেলথ কেয়ার ও রিহ্যাবের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৫:৫৮ অপরাহ্ণ

সদস্যদের জন্য উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘এপিক হেলথ কেয়ার লিমিটেড’ এবং ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (REHAB)’-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের সম্মানিত চেয়ারম্যান জনাব এস. এম. লোকমান কবির বলেন, এই চুক্তি REHAB-এর সদস্য ও তাদের পরিবারের জন্য আধুনিক, নির্ভরযোগ্য এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি এপিক হেলথ কেয়ারের নবযাত্রার অংশ হিসেবে ‘হালিশহর শাখা’র আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সুবিধা এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত সেবার বিষয়টি আলোকপাত করেন।

অনুষ্ঠানে REHAB-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলি আফজল এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হারুন অর রশিদ। তারা এ উদ্যোগকে সদস্যদের কল্যাণে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই চুক্তির আওতায় REHAB-এর সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিভিন্ন কর্পোরেট ও পেশাজীবী সংগঠনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মানুষের দোরগোড়ায় বিশ্বমানের সেবা পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ার প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে নবীন বরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড