এদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে

মহালয়া অনুষ্ঠানে গোলাম আকবর খোন্দকার

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বিএনপির সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের মূল দর্শন। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় দুর্গাপূজার আগমনী উপলক্ষে শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ ও মাতৃ পরিষদ বাংলাদেশের উদ্যোগে নগরীর আসকার দিঘীর পাড় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত মহালয়া উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রনি পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মহালয়া উৎসবে উদ্বোধক ছিলেন সীতাকুন্ড শংকর মঠ মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, প্রধান বক্তা ছিলেন শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলায বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মিলন শর্মা, কারা পরিদর্শক উজ্জ্বল বরন বিশ্বাস, শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা যাজক কমলেন্দু শীল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর এম রানা, পরিষদের সাধারণ সম্পাদক সৈকত রায়, আহ্বায়ক শিউলি দাস, বিজয় দাস রিকি, তপন কুমার দে, প্রীতম সরকার প্রমুখ নেতৃবৃন্দ। গোলাম আকবর খন্দকার আরও বলেন, আজ আপনাদের এই মহালয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বিএনপির পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই–সমাজের শান্তি–শৃঙ্খলা রক্ষায় বিএনপি আপনাদের পাশে আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা–কর্মী আপনাদের পাশে পাহারাদার হিসেবে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধমাদারবাড়ি শোভনীয় ক্লাবে চক্ষু ছানি পরীক্ষা সম্পন্ন