বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের স্বাধীনতা যারা চায়নি তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায় না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল; বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ গতকাল রবিবার সকালে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে ছাত্র–গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে। তাদের আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার। তাই তাদের আকাঙ্খা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












