পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৩ জনকে ৫ বছরের কারাদণ্ড

প্রতারণা ও জালিয়াতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংকের সাবেক একজন কর্মকর্তাসহ ৩ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদেরকে আত্মসাৎকৃত টাকার সমপরিমাণ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন না। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন পূবালী ব্যাংক কঙবাজার শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) সিরাজুল ইসলাম, মেসার্স এইচ এ চৌধুরী কনস্ট্রাকসন লিমিটেডের সত্ত্বাধিকারী আবু দাউদ চৌধুরী রিপন ও সহযোগী মো. শাহ আলম।

দুদক পিপি মোকাররম হোসেন আজাদীকে বলেন, গ্রাহক মেসার্স এইচ এ চৌধুরী কনস্ট্রাকসনের আবু দাউদের হিসাবে কোনো টাকা জমা ছিল না। এরপরও তার হিসাবে ১৯৯৯ সালে ৪টি ওভারড্রাফট চেকের মাধ্যমে ১ কোটি ১৭ লাখ টাকার ওভারড্রাফট প্রদান করা হয়। পরে শাহ আলমসহ মিলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোনো প্রকার ঋণ মঞ্জুর ও সহায়ক আমানত ছাড়াই উক্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

এ মামলায় অপর একটি ধারায় সিরাজুল ইসলামকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে পিপি বলেন, সিরাজুল ইসলামসহ তিন আসামির বিরুদ্ধে ১৯৯৮ সালে একই পদ্ধতিতে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক একটি মামলা দায়ের হয়। উক্ত মামলাতেও সিরাজুল ইসলামসহ তিন আসামিকে একই রকম সাজা দিয়েছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে গণমাধ্যমকে পাশে চান মেয়র
পরবর্তী নিবন্ধবৈশাখের আয়োজন অসামপ্রদায়িক চেতনারই প্রতিফলন : মীর হেলাল