দীর্ঘ ১৪ বছর পর নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে আসছে হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’। অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’ প্রকাশ করে নতুন এই অ্যালবামের ঘোষণা দিয়েছে ওয়ারফেজ। খবর বিডিনিউজের।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানটির অডিও ও ভিডিও প্রকাশ করা হয় সোমবার। লয় রেকর্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। ‘ওয়ারফেজ’ জানিয়েছে, ২০১২ সালের পর এটিই ওয়ারফেজের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবামের কোনো গান। নতুন গানটি একই সঙ্গে ‘আপস্টুডিও প্রোডাকশন হাউজ’ এর ব্যানারে নির্মাণাধীন ‘গিরগিটি’ চলচ্চিত্রের অংশ হিসেবেও শোনা যাবে।
চলচ্চিত্রটি প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন এবং পরিচালনা করছেন সৌরভ কুন্ডু। ‘গিরগিটি’ গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি এবং সংগীতায়োজন ও পরিবেশনায় ছিল পুরো ওয়ারফেজ ব্যান্ড। গানটির ভিজ্যুয়াল নির্মাণ করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউজ। নতুন গান নিয়ে লয় রেকর্ডস জানায়, ওয়ারফেজের মত শক্তিশালী রক ব্যান্ডের আরেকটি শক্তিশালী গান শ্রোতাদের মাঝে নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে লয় রেকর্ডস দেশের বহুমাত্রিক সংগীত প্রতিভা ও বিভিন্ন ঘরানার মিউজিক নিয়ে কাজ করছে। এর আগে ব্যান্ডটির পাঁচটি একক গান প্রকাশ করেছে রেকর্ড লেবেলটি। ২০২৬ সালটি ওয়ারফেজের জন্য অন্যতম একটি স্মরণীয় বছর। এ বছরই ব্যান্ডটি তাদের সংগীতযাত্রার ৪২ বছর পূর্ণ করেছে এবং দেশের সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেছে রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’।












