সব কিছু যেন আজ যাচ্ছে মিশে ভালো আর মন্দ
হারিয়ে যাচ্ছে ফুলের সুরভি চারদিকে বারুদের গন্ধ।
যা কিছু সুন্দর সব আগলে রেখেছে দষ্যিদের ভিড়
শিকারীরা ওৎপাতে গাছে পাখিরা বাঁধতে পারে না নীড়।
কবি হাতড়িয়ে বেড়ায় বন–পাহাড়ে প্রকৃতির খোঁজে
প্রেমিক পায় না হৃদয়ের স্বাদ প্রেমিকের মাঝে।
কুৎসিত যত দাঁতের সারি হরণ করেছে মুখের মিষ্টি হাসি
কপোতেরা ধূলোয় লুটোপুটি করে শত্রুরা হানে অস্ত্র বিনাশী।
নাগরিক পারে না বুক ভরে নিতে তার নিশ্বাস আর প্রশ্বাস
আকাশ–বাতাস সবখানে সর্বগ্রাসীরা করেছে প্রসার গ্রাস।
পাহাড়ের বুকে ঝরনা কাঁদে পানির তৃষ্ণায়,
তরুণ–তরুণী হতাশায় তার পথ খুঁজে বেড়ায়।
দুগ্ধপায়ী শিশু পিপাসায় চিৎকার করে থাবড়ায় মায়ের বুকে,
বৃক্ষের আজ রুক্ষ রূপ ছায়ার খোঁজে ক্লান্ত পথিক ধুঁকে।
আশা–ভরসায় ভীড় ক্রমে বাড়ে ভক্তের মন্দির প্রার্থণালয়ে,
প্রতিবাদকারীর কণ্ঠ লীন হয়ে পড়ে বাজে অতি ক্ষীণ লয়ে।
আম জনতা তবু বুক বাধে জানে নিশ্চিত সূর্য উঠবে কাল
আকাশ যতই গুমোট থাক আসবে ঝড় উড়ে যাবে সব জঞ্জাল।








