কোথায় পথ, কতটা দূর
কুয়াশা ঘন যায় না দেখা
আকাশে নিভে গিয়েছে তারা
ঘুমিয়ে পড়ে নদীর ধারা,
জাগছে তবু অজানা আশা
কোথাও পথ, দেখাবে দিশা
জানলা খুলে বাড়াই হাত
পুরোনো দিন আকুল হয়ে
ডাকছে খুব সংগোপনে
বাতাসে তার গন্ধ ভাসে
যদিও বা সে হারিয়ে গেছে
বর্ষা ভেজা বনের বাঁকে !
আসুক যত আঁধার ঘন
শূন্যে ডানা মেলে যে পাখি
ভয় কি তার ঘূর্ণি ঝড়ে?
তুফান এলে যেমন মাঝি
কুলের মাটি আকড়ে ধরে
তেমনি মন স্বপ্ন বোনে
লতার মতো অনুক্ষণে!
মায়ায় বাঁধা টুকরো সুর
বাঁচিয়ে দেবে ক্লান্ত প্রাণ,
রাত্রি শুধু করে না একা
চোখের কালি মুছিয়ে দেয়
প্রভাত বলে দুয়ার খোল।







