সারাদেশের সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও এইচএসসি পরীক্ষা আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯৯ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী। ২৮৩ টি কলেজের শিক্ষার্থীরা ১১৪টি পরীক্ষা কেন্দ্রে আজ পরীক্ষায় অংশ নেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষার্থীরা অংশ নেবেন। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ১৬ হাজার ৩৪২ জন ছাত্র এবং ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী মিলে মোট ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ ৩১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বোর্ড সূত্র জানায়, ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় ছাত্র পরীক্ষার্থী ৪৩ হাজার ১৮২জন এবং ছাত্রী ৫৬ হাজার ৪৮৬জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে কেবল চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৯৭৪ জন। কঙবাজারে ১২ হাজার ২৫৫, রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৩৯, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন ও বান্দরবান জেলায় ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে বোর্ড ১৫টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করেছে। ভিজিল্যান্স টিমগুলোকে নিবীড়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে বলেও বোর্ডের শীর্ষ একজন কর্মকর্তা জানিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, কেন্দ্র নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সব কোচিং সেন্টার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।












