কক্সবাজারে শুরু হয়েছে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার মাঠে গড়ালো খেলোয়াড় সমিতি আয়োজিত এই টুর্নামেন্ট। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ফুটবলের এই ঐতিহ্য সমৃদ্ধ রাখার আহ্বান জানান। টুর্নামেন্টের শুরুতেই মুখোমুখি হয় দুই শক্তিশালী স্বাগতিক সদর উপজেলা বনাম চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি। চকরিয়ার হয়ে মাঠে নামেন জাতীয় তারকা আনিসুর রহমান জিকো, সুশান্ত, ইব্রাহিম সহ অনেকেই। অপরদিকে ৩ জন বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে নেমে একের পর এক চমক দেখায় সদর উপজেলা। সমন্বিত আক্রমণ থেকে তাঁরা ৪–৫ টি সুযোগ তৈরি করে। কিন্তু কোন আক্রমণই সফল হয়নি। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫–৫ জনের শটে ফলাফল দাঁড়ায় ৪–৪ গোলে। একটি করে শট রুখে দেয় দুই দলের গোলরক্ষক। কিন্তু সাডেন ডেথে সদর উপজেলার এক খেলোয়াড় শট মিস করলে বদলে যায় ফলাফলের চিত্র। জাতীয় দলের সাবেক গোলরক্ষক জিকোর বাজিমাতে ৭–৬ গোলে জয় পায় চকরিয়া। শনিবার একই ভেন্যুতে মুখোমুখি হবে শক্তিশালী টেকনাফ বনাম পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতি।












