ঈদে নাটক ‘নায়িকা তুমি কার’

| রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। একের পর এক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঈদে ‘নায়িকা তুমি কার’ নামে বিশেষ নাটক নায়িকা চরিত্রে দেখা যাবে মাহিকে। যেটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাটকের গল্প কিছুটা এরকম–এলাকার ডন মূসা ভাই। সবাই তাকে বাঘের চেয়েও ভয় পায়! সেই ডন আবার ঢাকাই সিনেমার ভীষণ ভক্ত। বিশেষত নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখে, গান শোনে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্নে বিভোর থাকে। ঘটনাক্রমে সিনেমা প্রযোজনায় নামেন মূসা ভাই। শর্ত একটাই– সিনেমায় নায়িকা বিজলীর সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে। এ নিয়ে বিভিন্ন মজার কাণ্ড ঘটতে থাকে।

এতে মূসা ভাইয়ের ভূমিকায় থাকছেন নিলয় আলমগীর আর নায়িকা বিজলী হয়েছেন সামিরা খান মাহি। এছাড়াও থাকছেন সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে বিভিন্ন ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি। নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনের অংশ হিসেবে এটি প্রচার হবে তাদের ইউটিউব চ্যানেলে।

পূর্ববর্তী নিবন্ধএক যুগ আগের স্মৃতি আজও শিহরিত হন জয়া
পরবর্তী নিবন্ধহানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’