চট্টগ্রাম রিজিওনাল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বুধবার সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জিতে শুভ সূচনা করেছে ইস্পাহানি কর্ণফুলি ও টিম সাম্পান। দিনের প্রথম খেলায় ইস্পাহানি কর্ণফুলি ৩৬ রানে ফর্টিস ময়নামতিকে পরাজিত করে। বৃষ্টির কারণে ১৬ ওভারে নির্ধারিত খেলায় টসে জিতে ফর্টিস প্রথমে ব্যাট করতে পাঠায় ইস্পাহানি কর্ণফুলিকে। তারা ১৬ ওভার খেলে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তালহা জুবায়ের সর্বোচ্চ ৪৯ রান করেন। শহিদুল ইসলাম অপরাজিত থাকেন ৩০ রান করে। ফর্টিস ময়নামতির পক্ষে সানজিদ মজুমদার, শামিম মিয়া এবং শাহপরান প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাবে ফর্টিস ময়নামতি ১৬ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সজিব মিয়া ৩৮ রানে অপরাজিত থাকেন। ইস্পাহানি কর্ণফুলির পক্ষে ইফরান হোসেন, সাজেদ রিফাত এবং রতন দাশ প্রত্যেকে ২টি করে উইকেট নেন। বিজয়ী দলের তালহা জুবায়ের প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। ভ্যালুয়েবল প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন একই দলের মো. শহিদুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদিন নোবেল।
একই ভেন্যুতে দিনের অপর খেলায় টিম সাম্পান ৮ রানে ফিজআপ ভুলুয়াকে পরাজিত করে। টসে জিতে টিম সাম্পান প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে জুনায়েদ হোসেন সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া হুমায়ুন আহমেদ ২৫ রান করেন। ফিজআপ ভুলুয়ার হয়ে আশরাফ মাহমুদ ২টি উইকেট পান। জবাবে ফিজআপ ভুলুয়া ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায়। দলের পক্ষে ওপেনার মইনুল ইসলাম সর্বোচ্চ ৫০ রান করেন। টিম সাম্পানের সাফায়েত হোসেন ৪টি এবং রবিউল হাসান অনিক ২টি উইকেট লাভ করে। প্লেয়ার অব দি ম্যাচ হন টিম সাম্পানের সাফায়েত হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী। ভ্যালুয়েবল প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন ফিজআপ ভুলুয়া দলের মইনুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার নাজিমউদ্দিন। এর আগে বেলুন উড়িয়ে চট্টগ্রাম রিজিওনাল টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক এবং এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান,টুর্নামেন্টের আহবায়ক মিনহাজুল আবেদীন নান্নু, বিসিবি পরিচালক এবং ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, বিসিবি পরিচালক এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাইদ ইব্রাহিম আহমেদ, বিসিবি পরিচালক মইনউদ্দিন চৌধুরী কামরু, বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম,বিসিবি কাউন্সিলর এবং ফিজআপ ভুলুয়া দলের স্পন্সর তাউছ বিন বেনী আমীন চৌধুরী, ফর্টিস গ্রুপের প্রধান নির্বাহী, বিগ্রেডিয়ার জেনারেল মো. খালেকুজ্জামান, ইস্পাহানি টি ট্রেড লিমিডেটের জেনারেল ম্যানেজার শাহ মইনউদ্দিন হাসান এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান–চট্টগ্রাম বিভাগ,আবু সাদাত মো. সায়েম– রাঙ্গামাটি, শরীফুল ইসলাম অপু–ফেনী,আহমেদ হাসান আল জায়েদ রিফাই–চাঁদপুর এবং সাফায়েত মোরশেদ ভুইয়া–খাগড়াছড়ি। আজও টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ইস্পাহানি কর্ণফুলী–ফিজআপ ভুলুয়া,টিম সাম্পান–ফর্টিস ময়নামতি।











