কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের যথাযথ চিকিৎসা ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে লারা স্পষ্ট করেছেন, তার এই আবেদন কোনো রাজনৈতিক অবস্থান নয়, বরং মানবিকতার জায়গা থেকে। ২০২৩ সাল থেকে একাধিক মামলায় কারাগারে আছেন ইমরান খান। সমপ্রতি তার স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক বেশ কয়েকজন আন্তর্জাতিক অধিনায়ক। এবার সেই কণ্ঠে যোগ দিলেন লারাও। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লারা লিখেছেন, ‘ইমরান খান ও আমি খেলোয়াড় জীবনে মাত্র কয়েকবার মাঠে মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তার প্রতি যে শ্রদ্ধা তৈরি হয়েছিল, তা ছিল তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী।’ ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন লারা। তিনি লিখেছেন, ‘যে মানুষটি একসময় তার দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, খেলোয়াড় জীবনের শীর্ষ সময়ে যিনি ছিলেন এতটা সম্মানিত, তিনি এখন এমন পরিস্থিতিতে আছেন, যেখানে আমার মনে হচ্ছে তিনি প্রয়োজনীয় যত্ন ও প্রাপ্য সহানুভূতি এবং মর্যাদা পাচ্ছেন না।’ ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানানো সাবেক অধিনায়কদের অবস্থানের সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছেন লারা। তার আহ্বান, ইমরানকে যেন স্বাধীনভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়। লারা লিখেছেন, ‘আমি আমার সাবেক অধিনায়ক সতীর্থদের সঙ্গে একমত হয়ে তার জন্য যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’ নিজের বক্তব্যের রাজনৈতিক ব্যাখ্যা নিয়েও সতর্ক ছিলেন লারা। তিনি বলেন, ‘এটা রাজনীতি নয়। এটা আমাদের খেলার একজন কিংবদন্তির জন্য মৌলিক মানবিকতার দাবি।’ লারার এই বক্তব্যে ইমরান খানের কারাগারে থাকা ও তার বিরুদ্ধে চলমান মামলার রাজনৈতিক বিতর্ক এড়িয়ে মূলত স্বাস্থ্য, চিকিৎসা ও মানবিক মর্যাদার বিষয়টিই গুরুত্ব পেয়েছে।











