পটিয়ায় কাভার্ডভ্যান থেকে ১৫ টন চিনি লুট, অচেতন অবস্থায় চালক উদ্ধার

কর্ণফুলীতে পাওয়া গেল খালি কাভার্ডভ্যান

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

পটিয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা চিনি বোঝায় কাভার্ডভ্যান থেকে ১৫ টন চিনি লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কাভার্ডভ্যান চালককে অচেতন অবস্থায় ঘটনাস্থলে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে লুট হওয়া চিনি উদ্ধার না হলেও চিনি বোঝায় করা কাভার্ডভ্যানটি পার্শ্ববর্তী কর্ণফুলী উপজেলার সামনে থেকে খালি ও পরিত্যক্ত অবস্থায় গতকাল বুধবার বিকেলে উদ্ধার করা হয়।

জানা যায়, ভুক্তভোগী কাভার্ডভ্যানের চালকের নাম আলমগীর (৪৫)। বুধবার সকালে উপজেলার মনসা বাদামতল এলাকা থেকে তাকে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হয়। কাভার্ডভ্যানের মালিক জাকির হোসেন জানান, মেঘনা কোম্পানির চিনি নিয়ে গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে নগরের নাসিরাবাদ এলাকায় ফুলকলী ফ্যাক্টরিতে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর পটিয়ার ফুলকলী ফ্যাক্টরিতে সরবরাহের জন্য আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি রওনা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি মইজ্জারটেক এলাকায় থাকা অবস্থায় চালক তাকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন। পরদিন সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।

জাকির জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে চালকের পূর্বপরিচিত অপর কাভার্ডভ্যানচালক আবুল কালাম তাকে সড়কের পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তিনি আলমগীরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আবুল কালাম জানান, সে সময় চালকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ইতিমধ্যে তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

এদিকে এ ঘটনায় বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম চিনি লুটের ঘটনার বিষয়ে পটিয়া থানায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। ঘটনাটি পুলিশের তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে এ ঘটনার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আশা করি দ্রুত পুরো ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছাড়তে তিন ঘণ্টা দেরি, চট্টগ্রাম স্টেশনে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধদুর্গোৎসবের সফল সমাপ্তি সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত : মেয়র