ইপিজেডে ১১ মামলার পলাতক আসামি ‘জাম্বু’ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ১১ মামলার পলাতক আসামি ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম প্রকাশ জাম্বু বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। গত রবিবার রাত সাড়ে ১১টায় ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ইপিজেড থানা পুলিশ জানায়, জাম্বুর বিরুদ্ধে গত ৩ মে দায়েরকৃত একটি ছিনতাই মামলাসহ (মামলা নং০৩, ধারা৩৭৯ পেনাল কোড) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি জানান, রবিবার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে ১১ মামলার আসামি ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নগরীর ইপিজেড থানার একটিসহ মোট ১১টি মামলা রয়েছে। তাকে আদালকে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা
পরবর্তী নিবন্ধট্রেনে স্বস্তির ঈদযাত্রা