ঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

ঈদের বাকি আছে আর মাত্র ২ দিন। গতকাল সোমবার থেকে বন্ধ হয়ে গেছে সরকারি অফিস আদালত। অনেক বেসরকারি অফিসেও গতকাল ছিল শেষ কর্মদিবস। এর আগেই অবশ্য অনেকে পরিবারের সদস্যদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও অনেকে বাড়ির পথ ধরবেন। এই সময়ে বাড়ি যাওয়ার ঝক্কি ঝামেলাও কম নয়। বিশেষ করে আবহাওয়া নিয়ে চিন্তায় থাকতে হয়। কারণ মৌসুমের এই সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকে।

গতকাল সন্ধ্যায়ও নগরীতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে, আজ, আগামীকাল এবং ঈদের দিনের দিনও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না। ঈদ যাত্রায় চট্টগ্রামের নগরবাসীকে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না বলছেন চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর।

জানতে চাইলে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জহিরুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু ঈদের দিন নয়, ঈদের আগের দুই দিন অর্থাৎ মঙ্গল ও বুধবারেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি হালকা থেকে মাঝারি ধরনের। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল পতেঙ্গা আবহাওয়া অফিসে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আমবাগান আবহাওয়া অফিসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৩ মিলিমিটার।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গ আরো ১৭ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধইপিজেডে ১১ মামলার পলাতক আসামি ‘জাম্বু’ গ্রেপ্তার