ইপিজেডে শিশু আয়াত খুনের মামলার রায় আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডে সাড়ে ৩ বছর আগে ৬ টুকরো করে ৪ বছর ১১ মাস বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত খুনের মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। দেশজুড়ে আলোচিত চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করবেন চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস। এর আগে গত ২১ মে যুক্তিতর্ক কার্যক্রম শেষ করে রায়ের জন্য আজকের দিন ঠিক করেছিলেন তিনি। আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব দৈনিক আজাদীকে বলেন, এ মামলায় মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আদালতসূত্র জানায়, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকালে নগরীর ইপিজেডের দক্ষিণ হালিশহর নয়ারহাট এলাকার তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার মাঠ থেকে নিখোঁজ হয় আয়াত। এ ঘটনায় ২৫ নভেম্বর আয়াতদেরই ভাড়াটিয়া আবির আলীকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবআিই)। তাকে গ্রেপ্তারের পর শিশু আয়াত খুনের মূল রহস্য উদ্ঘাটন হয়।

আদালতসূত্র জানায়, এ ঘটনায় আয়াতের বাবার দায়ের করা মামলায় ২০২৩ সালের ১০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে। এতে আবিরের পাশাপাশি ১৭ বছরের অপর এক কিশোরকেও অভিযুক্ত করা হয়। এ কিশোরের বিচার আলাদাভাবে শিশু আদালতে চলছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছেআয়াতকে ৬ টুকরো করে হত্যার বিষয়টি আবির তাকে জানিয়েছিল। কিন্তু সে তা প্রকাশ করে নি। পিবিআই জানায়, ঘটনাস্থল মাঠে গিয়ে শিশুদের সাথে কথা বলে জানা যায় যে, আয়াতকে কোলে নিয়ে ছিল আবির। এ নিয়ে আবিরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানিয়েছিল, সে কোলে নিয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায়, আয়াতকে খুনের পর সে ২ টি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিল। কিন্তু এরমধ্যে একটি ব্যাগ তার বাসায় পাওয়া গেলেও অপর ব্যাগটি পাওয়া যায়নি। এর ভিত্তিতেই ২৫ নভেম্বর আয়াতকে হেফাজতে নেয়া হয়। একপর্যায়ে আবির সবকিছু স্বীকার করে। আদালতে পাঠানো হলে সেখানেও ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় সে জবানবন্দি দেয়। পরে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকে আবির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচবির ১০ শিক্ষার্থী পাচ্ছেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক-দৈনিক আজাদী বৃত্তি
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় আজ