হাটহাজারীর চারিয়া এলাকায় ইটভাটার পুকুরে ইটবাহী ট্রাক পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া ট্রাকের হেলপার শাহীনের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার শাহীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে চারিয়া ইটভাটার এলাকায় একটি পুকুরের পাশ দিয়ে যাওয়া সড়কে অতিরিক্ত ইট বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ট্রাকটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার শাহিন নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দলসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হেলপার শাহিনের মরদেহ উদ্ধার করে। তবে পুকুরটি গভীর হওয়ায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আনিস জানান, লাশটি থানায় নিয়ে যাচ্ছি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, আমরা লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে বুঝিয়ে দিয়েছি।












