আমরা ফোন চালাই নাকি ফোন আমাদের?

মুহাম্মদ আবু হানিফ | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

একসময় মোবাইল ফোন ছিল কেবল যোগাযোগের একটা মাধ্যম। আজকের স্মার্টফোন মানুষের জীবনের প্রায় সব জায়গায় ঢুকে পড়েছে। পড়াশোনা, চাকরি, ব্যবসা, বিনোদন, যোগাযোগ সবকিছুই এখন স্মার্ট ফোনের উপর নির্ভর । কিন্তু এত সুবিধার উল্টো পিঠেও একটা সমস্যা তৈরি হয়েছে। মানুষ ধীরে ধীরে স্মার্টফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। স্মার্টফোনের সবচেয়ে বড় টান হলো সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমিং ইত্যাদি। হাতে ফোন নিলে পাঁচ মিনিটের জন্য কিন্তু কখন যে ঘণ্টা পেরিয়ে যায় টেরই পাওয়া যায় না। নোটিফিকেশনের টুংটাং শব্দ, নতুন মেসেজের অপেক্ষা এসব আমাদের বারবার ফোনের দিকে তাকাতে বাধ্য করে রেখেছে। ফলে অনেক সময় প্রয়োজন না হলেও অভ্যাসটাই ফোন ব্যবহারের আসল কারণ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে বেশ স্পষ্ট। শিক্ষার্থীরা পড়ায় মন বসাতে পারে না, কর্মজীবীদের কাজে ব্যাঘাত ঘটে, এমনকি পরিবারের মানুষগুলোর সঙ্গে মুখোমুখি বসেও অনেকে ফোনেই ডুবে থাকে। অতিরিক্ত ব্যবহারে ঘুম কমে যায়, এতে মানুষের সৃজনশীলতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই বলে স্মার্টফোন ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। দরকার শুধু এর সঠিক ব্যবহার। দিনে কতক্ষণ ফোন চালানো দরকার, সেটা ঠিক করে রাখা দরকার। অপ্রয়োজনীয় অ্যাপ এড়িয়ে চলা দরকার। পরিবারের সঙ্গে কিছুটা সময় ফোন ছাড়া কাটানোও সম্ভব। প্রযুক্তি এসেছে মানুষের জীবন সহজ করতে, জীবনকে শাসন করতে নয়। স্মার্টফোনের মালিকানা আমাদের হাতেই থাকা উচিত। ফোন আমাদের চালাবে না, আমরা ফোন চালাবো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ফুটপাথ দখলমুক্ত করা হোক
পরবর্তী নিবন্ধধর্মের সৌন্দর্য মানুষের প্রতি মানুষের মমতায়