আমি আমার আব্বুকে কখনো জিজ্ঞেস করিনি জীবনে কোন জিনিস নিয়ে তার আফসোস হয়, কী নিয়ে হতাশ হতেন বা জীবনে কী হতে চেয়েছিলেন। হঠাৎ রাত বিরাতে মনে প্রশ্ন জাগে কতটুকু চিনতাম আব্বুকে। তিনি কী চাইতেন আমার কাছে, আজকের এইদিনে আমার দিকে তাকিয়ে কী বলতেন? যদি শুনতেন আমি কী নিয়ে হতাশ হই, কী ছেড়ে থাকতে পারি না, কী ভেবে হাল ছেড়ে দেই–তবে আমায় কী বলতেন তিনি!
মাঝে মাঝে ভয় পেয়ে রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে মনে হয় এমন যদি হয় যে একদিন সকালে উঠে দেখবো আব্বুর চেহারা আর মনে করতে পারছিনা! কী নিয়ে বেঁচে থাকবো তখন? আব্বু কি ক্ষমা করবেন আমাকে?
২০১৫ সালের জুলাই এ আব্বু হঠাৎ মারা গেলেন! আমার বয়স তখনো মাত্র ১২। মারা যাওয়ার আগে একদিন হুট করে বললেন ‘অনেকদিনই তো বাঁচলাম!’ তখনও আমি আব্বুকে জিজ্ঞেস করিনি– আব্বু তুমি এই জীবনে এমন কিছু কি চেয়েছ যা পাওনি আর এই ভেবে কি আজ অবধি কষ্ট হয়!
তখন আমি কথা বলতে জানতাম না ঠিকঠাক। কিসের উত্তর কি দিবো বুঝতাম না। বোকার মতো তাকিয়ে থাকতাম শুধু। আর এখন আমার কথাই শেষ হয় না! গুছিয়ে না হোক, বলতেই থাকি বলতেই থাকি, সে কি ব্যাখ্যা, যুক্তি আর চেষ্টা!
আব্বু নামেই কখনো মোবাইল ফোনে নাম্বার সেইভ করা হয়নি। ইচ্ছা করে ফোন ধরেই আব্বুর গলা শুনবো, এটা আব্বু মারা যাওয়ার আগেও কল্পনা করতে পারি নি, কিন্তু আব্বু কলটা যে আামার ফোনে কোনো দিন আসা হয়নি, এই আফসোসটা হয়তো কোনো দিনও সারাতে পারবো না। এতোদিন আব্বুকে ছাড়া থাকতে থাকতে আমি মনেই নেই আব্বু কেমন করে কথা বলতো আমার সাথে। আমি প্রত্যেকদিন খুব সময় নিয়ে একবার মনে করি আব্বুর স্মৃতিগুলো সাথে নিয়ে সেই দিনগুলো মনে মনে রিক্রিয়েট করবো, কিন্তু আমি পারিনা! আমি পারিই না! কেন সেটা জানি না!
আমি প্রায় সারাদিন চেষ্টা করি একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে। আমার মাথা ব্যথা করুক, ঘাড় ব্যথা করুক বা পা ব্যথা করুক, আমাকে ব্যস্ত থাকতেই হবে। তারপরও হুট করে সাদা ফুল আর উজ্জ্বল একটা চাঁদ দেখলে মনে পড়ে যায় আব্বুর কথা, সুন্দর আকাশ দেখলে বা ছোট বাচ্চাদের হাসতে দেখলে মনে হয় আব্বুর কথা, খুব একলা লাগলে মনে পড়ে যায় তাকে, আম্মু কোনো ভালো কিছু রান্না করলেই আমার চোখে পানি এসে যায়! আব্বুকে মনে করার কোনো টাইম টেবিল বা নিয়ম শৃঙ্খলা নেই! আমার তীব্র কষ্ট হয় আব্বুকে ছাড়া। আমার জীবনের এতোগুলো বছর তাঁকে ছাড়া কাটিয়ে দিচ্ছি। আরো যতদিন বেঁচে থাকবো এভাবেই চলবে। আমি অনেক কান্না করতে চাই, পুরো বিশ্ব যেন কেঁপে ওঠে ওইভাবে কান্না করতে চাই, সবকিছু ভেঙে চুরমার করে বাতাসে মিশে একদম নাই হয়ে যেতে চাই। তবে যাওয়ার আগে একটা কথা জানতে চাই আমার আব্বু জীবনে সবচেয়ে বেশি কী চাইতেন যা তিনি শেষ পর্যন্ত পাননি!












