আবারও জঙ্গলের আইনে ফিরছে বিশ্ব

পুতিনকে পাশে নিয়ে শি জিনপিংয়ের বার্তা

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

বিশ্ব আবারও জঙ্গলের আইনের যুগে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে তিনি চীনরাশিয়া সম্পর্ককে বৈশ্বিক স্থিতিশীলতার অন্যতম শক্তি হিসেবে তুলে ধরেছেন।

গতকাল বুধবার বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়ে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট। মাত্র কয়েকদিন আগেই একই শহরে সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। সামরিক ব্যান্ডে রাশিয়া ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়। সারিবদ্ধ চীনা সেনাদের উপস্থিতিতে শিশুরা রুশ ও চীনা পতাকা নাড়িয়ে চীনা ভাষায় ‘স্বাগতম, স্বাগতম’ বলে স্লোগান দেয়। খবর বাংলানিউজের।

দৃশ্যটি অনেকটাই মনে করিয়ে দেয় গত সপ্তাহে ট্রাম্পের বেইজিং সফরের কথা। তখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতারা বাণিজ্য, বিনিয়োগ, তাইওয়ান ও ইরান সংকটসহ নানা ইস্যুতে আলোচনা করেছিলেন। শি জিনপিং ও পুতিন প্রথমে সীমিত পরিসরে বৈঠক করেন, যেখানে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের প্রতিনিধিদল নিয়ে বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সময় দুপুর ২টার দিকে শেষ হয়।

এরপর প্রযুক্তি, বাণিজ্য, বৈজ্ঞানিক গবেষণা ও মেধাস্বত্বসহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন দুই নেতা। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এর মধ্যে ২৫ বছর আগে স্বাক্ষরিত ‘চীনরাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’র মেয়াদ বাড়ানোর বিষয়টিও ছিল। চুক্তি স্বাক্ষরের পর শি জিনপিং বলেন, বেইজিং ও মস্কোর সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। আন্তর্জাতিক অঙ্গনে একতরফা জবরদস্তির বিরুদ্ধে দুই দেশকে একসঙ্গে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব ধীরে ধীরে আবার জঙ্গলের আইনের দিকে ফিরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়ানো অবিবেচক পদক্ষেপ হবে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে সমগ্র অঞ্চলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখন সবচেয়ে জরুরি বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে পুতিন বলেন, চীনরাশিয়া সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় রয়েছে। চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়া যে বিশ্বস্ত জ্বালানি সরবরাহকারী হিসেবে থাকবে, সে আশ্বাসও দেন তিনি। একইসঙ্গে আগামী বছর শি জিনপিংকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান পুতিন। বৈঠকের পর বেইজিংয়ের ঝংনানহাই কমপ্লেক্সে শি জিনপিং পুতিনকে চাআড্ডায় আপ্যায়ন করার কথা রয়েছে। এটি একসময় সম্রাটদের বাগান ছিল, বর্তমানে চীনা কমিউনিস্ট পার্টির সদরদপ্তর। ২০২৪ সালের মে মাসে পুতিনের আগের সফরেও দুই নেতাকে টাই খুলে অনানুষ্ঠানিক পরিবেশে আলাপ করতে দেখা গিয়েছিল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার সন্ধ্যায় বেইজিং বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু