আনোয়ারা হাসপাতালে জেনারেটরের তেল দিলেন এমপি নিজাম

অজ্ঞাত এক ব্যক্তির পাঠানো তেল নিয়ে ধোঁয়াশা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারা হাসপাতালে লোডশেডিংয়ের সময় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সচল রেখে রোগীদের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত অনুদানে জ্বালানি তেল প্রদান করেছেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি ব্যক্তিগত প্রতিনিধির মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এ তেল হস্তান্তর করেন। এ ঘটনার ৪৫মিনিট পর বেলা সোয়া ১২টায় অজ্ঞাত এক ব্যক্তিও হাসপাতালে এক ড্রাম (২০০ লিটার) জ্বালানি তেল পাঠিয়েছেন বলে জানান আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী। তবে অজ্ঞাত ব্যক্তির পাঠানো তেল নিয়ে শুরু হয় নানা গুঞ্জন এবং তার পরিচয় নিয়েও তৈরি হয় ধোঁয়াশা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে বিদ্যুৎ বিভ্রাটের কারণে লোডশেডিং মোকাবেলায় দুটি আধুনিক জেনারেটর রয়েছে। কিন্তু জ্বালানি তেলের জন্য সরকারি বরাদ্দ না থাকায় জেনারেটর চালু রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যোগান দেওয়া সম্ভব হয় না। যার ফলে রোগীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এই অবস্থায় জেনারেটরের জ্বালানি সংকটের বিষয়টি অবগত হয়ে স্থানীয় সংসদ সদস্য সরওযার জামাল নিজাম রোগীদের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত অনুদানে জ্বালানি তেল প্রদান করেন।

এমপি জ্বালানি তেল অনুদান দেয়ার ৪৫ মিনিট পর অজ্ঞাত এক ব্যক্তি নাম পরিচয় গোপন রেখে ২০০ লিটার জ্বালানি তেল পাঠান হাসপাতালে। এ ঘটনা জানাজানি হলে অজ্ঞাত ব্যক্তির উদ্দেশ্য ও পরিচয় নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভয়েস রেকর্ড ফাঁস হয়, যেখানে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম দাবি করেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ হাসপাতালে জ্বালানি তেল পাঠিয়েছেন।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলেন, অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে পালিয়ে থাকা সাবেক ভূমিমন্ত্রী জাবেদ কর্তৃক হাসপাতালে জ্বালানি তেল পাঠানোর দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে এ ঘটনা সরকার বিরোধী গভীর ষড়যন্ত্র। দেশেবিদেশে সরকারবিরোধী সিন্ডিকেট এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি নেতারা বলেন, ১৫ বছর টানা ক্ষমতায় থাকলেও আনোয়ারা হাসপাতালের উন্নয়নে তার কোনো ভূমিকা ছিল না। বিদেশে পালিয়ে গিয়ে এখন কেন তার মায়াকান্না? নেতৃবৃন্দ এ ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে দুটি শক্তিশালী জেনারেটর থাকলেও জ্বালানি খরচের জন্য কোনো বরাদ্দ নেই। এ বিষয়ে আনোয়ারা কর্ফুলীর সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মহোদয়কে আমি বিষয়টি কয়েকদিন আগে জানিয়েছি। তিনি ব্যক্তিগত অনুদান থেকে প্রতিনিধির মাধ্যমে গতকাল ৬০ লিটার জ্বালানি তেল হস্তান্তর করেন। অন্যদিকে গত শনিবার থেকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে ফোন করে তেল পাঠাতে চান বলে জানান। তার নাম পরিচয় জানতে চাইলে তিনি জানাতে অস্বীকার করেন। ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য না জেনে তেল নেওয়া সম্ভব নয় বলে জানালেও বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে ভ্যানে করে এক ড্রাম তেল পাঠিয়ে দেন ওই ব্যক্তি। ভ্যান চালক তেলের ড্রামটি রেখে দ্রুত চলে যান। পরবর্তীতে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসায় ডিবি পুলিশের অভিযান
পরবর্তী নিবন্ধসৌদি থেকে ক্রুড অয়েল আসছে আফ্রিকা ঘুরে