ক্রেতা সেজে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বন্দর থানা ছাত্রদলের এক নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা পালিয়ে যান।
বন্দর থানাধীন কে বি দোভাষ লেন এলাকায় মৃত আবু সৈয়দের বাড়িতে গত বুধবার সন্ধ্যায় মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামে ওই ছাত্রদল নেতার বাসায় এ অভিযান চালানো হয়। তবে শাকিল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় শাকিলের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল। পরে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে ওই বাড়িতে গেলে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও আবু শাকিল সাগর পালিয়ে যান। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পুষ্পেন ব্যানার্জি নগরীর ফিরিঙ্গি বাজার এয়াকুব নগরের বাসিন্দা এবং শামসুল ইসলাম মীরসরাই উপজেলার কাটাছড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।












