আজ সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ–বেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের (বিসিসিএল) চেয়ারম্যান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন।
এ ছাড়া চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম–১৩ (আনোয়ারাুকর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বক্তব্য দেবেন। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি–বিদেশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে পুরো প্রকল্পের ওপর নির্মিত একটি অডিও–ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনী আয়োজনে চার শতাধিক অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।
গতকাল দুপুরে চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজামসহ বেজা ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তাছাড়া আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:মহিন উদ্দিন সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
চায়না ইকোনমিক জোনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. শাহেদ বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘কোরিয়ান ইপিজেডের পর চায়না ইকোনমিক জোন আনোয়ারার শিল্পায়নে নতুন মাইলফলক হয়ে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ তিনি আরও বলেন, শিল্পায়নের প্রভাবে পুরো দক্ষিণ চট্টগ্রামের চেহারা বদলে যাবে। স্থানীয় মানুষের অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











